আগামীকাল অনুষ্ঠিত হবে টিকাকরণ দিবস।
আগরতলা,২০ ডিসেম্বর: আগামীকাল ২১ ডিসেম্বর দেশজুড়ে পালিত হবে জাতীয় টিকাকরণ দিবস। তারই অঙ্গ হিসাবে এদিন রাজ্যেও পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।গত ১৪ বছর ধরে ভারত পোলিও-মুক্ত থাকলেও প্রতিবেশী কয়েকটি দেশে এখনও পোলিও ভাইরাসে শিশুরা আক্রান্ত হচ্ছে। ভারতের প্রতিবেশী দেশগুলিতেও সাম্প্রতিক সংক্রমণ দেখা দেওয়ায় রোগটি আবার এই দেশে প্রভাব ফেলতে পারে। তাই দেশ কে পোলিও-মুক্ত অবস্থান বজায় রাখতে নিয়মিত পালস পোলিও টিকাকরণ এবছরও পালিত হচ্ছে।এদিন রাজ্যের প্রত্যেকটি এলাকায় অস্থায়ী টিকাকরণ কেন্দ্র, স্কুল, উপ-স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও হাসপাতালগুলিতে বিশেষ শিবিরের আয়োজন করা হবে। ত্রিপুরা রাজ্যে এ বছরের পালস পোলিও কর্মসূচি সফল করতে স্বাস্থ্য দপ্তর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এই অভিযানে শূন্য থেকে ৫ বছরের ৩ লক্ষ ৪০ হাজার ৮৭৪ জন শিশুকে পোলিও’র ডোজ খাওয়ানো হবে। ৩ হাজার ৪০৯ টি টিকাকরণ বুথে ১৩ হাজার ৬৩৬ জন টীকাদানকারী পোলিও’র ডোজ খাওয়াবেন। ৬৮২ জন সুপারভাইজার পুরো কর্মসূচি তদারকি করবেন। যেসব শিশু ২১ ডিসেম্বর ডোজ নিতে পারবে না, তাদের ২২ ও ২৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে বাড়ি বাড়ি গিয়ে আশা ও স্বাস্থ্যকর্মীরা পোলিও’র ডোজ খাওয়াবেন।স্বাস্থ্য দফতর রাজ্যের প্রতিটি এলাকা পোলিও টিকাকরণ কর্মসূচির আওতায় আনতে বিশেষ নজরদারি ও জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। একটি শিশুও যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সেই লক্ষ্য নিয়ে ডোর-টু-ডোর অভিযান অব্যাহত থাকবে। শনিবার জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা শ্রী সাজু ওয়াহিদ এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই বার্তা দেন।





