শহরের বুকে ফের মানব কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
আগরতলা, ১১ জানুয়ারি: শহরের বুকে ফের মানব কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে যোগেন্দ্র নগর রেলস্টেশন সংলগ্ন নাথপাড়া এলাকায় একটি জঙ্গলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ ও ফরেনসিক টিম।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ পূর্ব আগরতলা থানায় খবর আসে যে যোগেন্দ্রনগর রেল স্টেশন সংলগ্ন নাথপাড়া এলাকায় একটি জঙ্গল একটি মানব কঙ্কাল পড়ে রয়েছে।খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানব কঙ্কালটি কে উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কঙ্কালটি পুরুষ মানুষের। তবে এখনও পর্যন্ত কঙ্কালটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বেশ কিছুদিন ধরে মৃতদেহটি এই এলাকায় পড়ে রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। কেননা মৃতদেহটি পচে গলে প্রায় কঙ্কালসারে পরিণত হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম।কঙ্কালটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।পুলিশ একটি নির্দিষ্ট মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকায় সাম্প্রতিক সময়ে কোনও ব্যক্তি নিখোঁজ রয়েছেন কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।





