ধর্মনগরে উপনির্বাচনি জন আশীর্বাদ সভা।

ধর্মনগরে বিজেপির জন আশীর্বাদ যাত্রা, জহর চক্রবর্তীর জয়ের ডাক
ধর্মনগর প্রতিনিধি:৪এপ্রিল
আসন্ন ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমেই তুঙ্গে। এরই মাঝে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ধর্মনগর মন্ডলের উদ্যোগে নয়াপাড়া অটোস্ট্যান্ডে অনুষ্ঠিত হলো এক বৃহৎ জন আশীর্বাদ যাত্রা সভা।
এই সভায় ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী-র সমর্থনে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়।এই সভায় সভাপতিত্ব করেন ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, বিহার বিধানসভার বিধায়ক মিথিলেশ তিওয়ারি, বিজেপি জেলা সভাপতি কাজল কুমার দাস, বিধায়ক যাদব লাল নাথ সহ দলের একাধিক নেতা-কর্মী।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বিরোধী দল কংগ্রেস ও সিপিএমকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই উন্নয়নের স্বার্থে ধর্মনগরের মানুষকে বিজেপির প্রার্থীকে জয়ী করতে হবে।
এদিনের সভায় বক্তারা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন এবং জনসাধারণের সমর্থন কামনা করেন। পাশাপাশি বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সব মিলিয়ে, উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে এবং বিভিন্ন দলের প্রচার কর্মসূচি জোরদার হচ্ছে।





