ইট ভাট্টা চুল্লি ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা।

নিজস্ব প্রতিনিধি,১৭ ডিসেম্বর:বুধবার কমলপুর মহকুমার অপরেস্কর এলাকার ABC ইট ভাট্টায় ভয়াবহ দুর্ঘটনা। আজ ছিল ইটভাট্টায় আগুন দেওয়ার ও পুজো করার দিন। নিয়ম মেনে ব্রহ্মা পুজো সহ অনুসঙ্গিক পুজোর প্রস্তুতি চলাকালীন চুল্লিতে আগুন দিতেই হঠাৎ করেই চুল্লি ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই চুল্লির নিচে চাপা পড়ে যান একাধিক শ্রমিক।দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স। ড্রেজারের সাহায্যে ইটের স্তূপের নিচ থেকে শ্রমিকদের উদ্ধার করা হয়।এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন চারজন। নিহতদের মধ্যে দু’জন স্থানীয় বাসিন্দা এবং একজন ঝাড়খণ্ডের শ্রমিক। আহতরা সকলেই বহিরাজ্যের শ্রমিক বলে জানা গেছে।
নিহতরা হলেন—সুবল দেবনাথ (৫৫),পিংকু শীল (৩৭),অনিল গৌতম (৪৯)।আহত চারজন হলেন—বিধু শর্মা (৪৫),সন্তোষ গুপ্তা (২৮),হারকিস চৌহান (৫০),হারকিস সরোজ (৪০)। আহতদের প্রথমে কমলপুর বি এস এম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব। তিনি প্রথমে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন এবং পরে ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি ধলাই জেলার পুলিশ সুপার মিহিরলাল দাসও কমলপুর বি এস এম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং পরবর্তী সময়ে ঘটনাস্থলে যান।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি প্রশাসনকে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *