প্রসেনজিৎ সরকারের মৃত্যুকান্ডে ৩ অভিযুক্তের জেল হাজতের নির্দেশ আদালতের।
ধর্মনগর,১৮ ডিসেম্বর: প্রসেনজিৎ সরকার মৃত্যুকাণ্ডে অবশেষে সাফল্য পেল উত্তর জেলার পুলিশ প্রশাসন। সাধারণ মানুষের টানা আন্দোলন ও প্রবল জনচাপের মুখে বুধবার গভীর রাতে আসামের করিমগঞ্জ(শ্রীভূমি) এলাকা থেকে পালানোর সময় মামলার তিন মূল অভিযুক্ত সুস্মিতা ভট্টাচার্য, সংগীতা ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে যুক্ত আরও দু’জন অভিযুক্ত এখনও পলাতক থাকায় তাদের খোঁজে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করিমগঞ্জে (শ্রীভূমি) বিশেষ অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে আটক করা হয়। গ্রেফতারের পর বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে ধৃতদের উত্তর ত্রিপুরা জেলার আদালতে তোলা হয়।এদিন আদালত চত্বরে শতাধিক প্রতিবাদী জনতার ভিড় জমে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।এদিন আদালতের নির্দেশে তিন অভিযুক্তকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে তদন্তের জন্য পুলিশ জেলে গিয়ে অভিযুক্তদের জলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী।অন্যদিকে অভিযুক্তদের আদালত থেকে জেল কারাগারে নিয়ে যাওয়ার সময়ও জনতার তীক্ষ্ণ নজরদারি ও উত্তেজনা লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে চলা আন্দোলনে অংশ নেওয়া নাগরিকদের দাবি ছিল প্রসেনজিৎ সরকারের মৃত্যুর সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।





