বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ সি পি আই এম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির বিক্ষোভ কর্মসূচি।
আগরতলা,৭জানুয়ারি:বাংলাদেশে বিগত কিছুদিন ধরে ধর্মীয় সংখ্যালঘু জনগণের উপর মৌলবাদী শক্তি বিভিন্নভাবে নৃশংস আক্রমণ সংগঠিত করে চলেছে। এই আক্রমণের প্রতিবাদে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির ডাকে বুধবার আগরতলায় মিছিল ও সভা সংঘটিত করে।এদিন মেলার মাঠ থেকে মিছিলটি বের হয় সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে এবং বাংলাদেশে হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্লোগান সোচ্চারিত মিছিল কামান চৌমুহনী তে গিয়ে পথ সভায় মিলিত হয়। সেখানে সংগঠনের নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন বাংলাদেশে মৌলবাদীদের দ্বারা সংগঠিত হত্যাকাণ্ড, দৈহিক আক্রমণ ,ধর্ষণ ,লুটপাট, অগ্নিসংযোগ ইত্যাদির তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। তারা আরো বলেন সাম্প্রদায়িকতা ও মৌলবাদ একে অপরকে মদত যোগায়।ফলে ঐক্য সংহতি শান্তি সম্প্রীতি বিনষ্ট হয়। এই উভয় শত্রুর বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের শান্তি সম্প্রীতি সৌভ্রাতৃত্বকামী জনগণকে এক সুরে প্রতিবাদে সামিল হতে তারা আহবান জানান। তারা বলেন ভারত বাংলাদেশ মৈত্রী কে আরো জোরদার করতেই এটা প্রয়োজন। বাংলাদেশে যাতে এই ধরনের অবাঞ্চিত সহিংসতার ঘটনা আর ঘটতে না পারে তার জন্য বাংলাদেশের সরকারকে সজাগ থাকার আহ্বান জানান। বক্তাগণ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর মৌলবাদীদের আক্রমণের প্রেক্ষিতে ভারতেও যাতে কোন সাম্প্রদায়িক শক্তি জনগণের সম্প্রীতি ভাঙতে না পারে তার জন্য শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।এদিনের মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে এবং জেলা কমিটির সম্পাদক রতন দাস কমিটির সদস্য প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস।





