ভেনেজুয়েলার ঘটনায় ভারত কে ইতিবাচক ভূমিকা গ্রহণ করার আবেদন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের।
আগরতলা, ৪ জানুয়ারি: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এবং উনার স্ত্রীকে অপহরণ এবং ভেনেজুয়েলাতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলাবর্ষণের প্রতিবাদে রবিবার আগরতলায় তীব্র প্রতিবাদ বিক্ষোভ ও মিছিল সংগঠিত করল সিপিআইএম পশ্চিম জেলা কমিটি।এদিন সিপিআইএমের পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে থেকে মিছিল সংঘটিত করে তারা শহর ঘুরে প্যারাডাইস চৌমুহনীতে এক প্রতিবাদে সভায় মিলিত হয়।উল্লেখ্য’ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া প্রভৃতি প্রদেশে মার্কিন সেনাবাহিনীর কথিত অনৈতিক গোলাবর্ষণ ও হস্তক্ষেপের বিরুদ্ধে এই কর্মসূচি নেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, সিপিআইএম নেতা নারায়ণ কর সহ দলের অন্যান্য নেতৃত্ব।
প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এই ধরনের কার্যকলাপে গোটা বিশ্বে অস্থিরতা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক স্তরে এত বড় ঘটনার পরও ভারত সরকার এখন পর্যন্ত স্পষ্ট অবস্থান নেয়নি, যার ফলে বিশ্ব দরবারে ভারত সম্পর্কে একটি বিভ্রান্তিকর বার্তা যাচ্ছে। অবিলম্বে ইতিবাচক ভূমিকা নিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানানো উচিত বলে তিনি দাবি করেন।





